জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন সরকারের মন্ত্রী ও নেতাদের গোপন অডিও কথোপকথন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ উপস্থাপন করা হয়েছে। ট্রাইব্যুনালে শোনানো ওই অডিওতে গণমাধ্যম বন্ধ করার হুমকি এবং আন্দোলন নিয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে।
সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলার চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন এই অডিও কথোপকথনটি উপস্থাপন করেন।
অডিও কথোপকথনে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আন্দোলন দমনে বিভিন্ন কঠোর নির্দেশ দিতে শোনা যায়। ওবায়দুল কাদের বলেন, ‘আজকে যেন কোনো সংঘাতের খবর যেন না দেয়।’ এর জবাবে মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘আজকে যদি কোনো ক্ল্যাশের (সংঘাত) বা মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে “এনিমি অব দ্য স্টেট” (রাষ্ট্রের শত্রু) হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হবে।’
আরাফাত আরও জানান, কোনো টেলিভিশন চ্যানেল নির্দেশ অমান্য করলে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তাদের সম্প্রচার বন্ধ করে দেওয়ার জন্য লোক বসিয়ে রাখা হয়েছিল।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ওবায়দুল কাদের ও মোহাম্মদ আলী আরাফাত ছাড়াও আরও ৫ জন আসামি রয়েছেন। তারা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ। মামলার সংশ্লিষ্ট সকল আসামি বর্তমানে পলাতক রয়েছেন।






















