সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তিনি রোববার পদত্যাগপত্র জমা দেন। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি এই সিদ্ধান্ত নেন।
মো. নূরুল করিম দাবি করেছেন, তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ‘আমি নিয়মিত প্র্যাকটিসে ফিরে যাওয়া আর একান্ত ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি। আমাকে নিয়ে রাজনীতি করার জন্য একটি চক্র আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’
এদিকে, অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা। আজ দুপুরে কোর্টের অ্যানেক্স ভবনের সামনে তারা এ বিক্ষোভ শুরু করেন।
‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে আইনজীবীরা মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট এলাকা প্রদক্ষিণ করেন। তারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগে অনিয়মের তদন্তসহ কয়েকটি দাবি তুলে ধরেন।
আইনজীবী শরীফ ইউ আহমেদ বলেন, ‘আমরা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের পদত্যাগ চাই। তিনি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।’ তিনি অভিযোগ করেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে।
গত ৩০ জুলাই সরকার ৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়। একই সঙ্গে আগের সব নিয়োগ বাতিল করা হয়।






















