আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবালের ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর বনানীতে অবস্থিত ইকবাল সেন্টারের ১৬ তলার ওই চেম্বার থেকে বিপুল পরিমাণ দলিলপত্র, চেক বই ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
দুদকের উপপরিচালক মো. হোসাইন শরীফের নেতৃত্বে প্রিমিয়ার গ্রুপের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে এই অভিযান পরিচালিত হয়। গত বুধবার তল্লাশি কার্যক্রম শেষে ইকবালের ব্যক্তিগত চেম্বার ও একজন পরিচালকের কক্ষ সিলগালা করা হয়। অভিযানে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন এবং জব্দতালিকা তৈরি করা হয়।
অভিযান শেষে তৈরি করা পাঁচটি পৃথক তালিকার মধ্যে ৩৭ পৃষ্ঠার একটি নথিতে ইকবালের সম্পদের প্রায় তিন শতাধিক দলিলের বিবরণ রয়েছে। এছাড়া কার্যালয় থেকে ৫০০ থেকে ৬০০টি চেক বই, একটি ম্যাকবুক, আইপ্যাড, ট্যাব ও সাতটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। কর্মকর্তাদের ধারণা, এসব ডিভাইসের মধ্যে কিছু তাঁর ছেলেরা ব্যবহার করতেন।
এদিকে, কার্যালয় সিলগালার পাশাপাশি সোমবার প্রিমিয়ার গ্রুপের তিন শীর্ষ কর্মকর্তাকে তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। জিজ্ঞাসাবাদকৃত কর্মকর্তারা হলেন—গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা তালুকদার, প্রধান আর্থিক কর্মকর্তা মিজানুর রহমান এবং মহাব্যবস্থাপক এ ডি এম নাজমুল ইসলাম।
দুদক সূত্রে জানা গেছে, প্রিমিয়ার গ্রুপের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ঘটনায় এখন পর্যন্ত ১৬টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আরও পাঁচটি মামলার সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। পুরো ইকবাল সেন্টার নয়, বরং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কেবল ইকবালের ব্যবহৃত অংশগুলোই এখন দুদকের নিয়ন্ত্রণে রয়েছে।























