আর্থিক সংকটের কথা তুলে ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামির কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েন বিজিবির কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম। তিনি জানান, ঘনঘন শুনানির তারিখ নির্ধারণ করা হলে আইনজীবীর ফি পরিশোধ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
বৃহস্পতিবার (২০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এ দাবি করেন রেদোয়ানুল ইসলাম। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি।
এদিন মামলায় ১২ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন রাতুল হাসান নামের একজন শিক্ষার্থী। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। রেদোয়ানুল ইসলাম কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের অনুমতি নিয়ে বলেন, ‘ঘনঘন তারিখ দিলে আমার খুব কষ্ট হয়। আইনজীবীর টাকাও দিতে পারি না। আর্থিকভাবে তেমন কোনো সঞ্চয়ও নেই। একটু লম্বা বিরতি নিয়ে তারিখ দিলে ভালো হয়।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে যে বেতন পাই, তা খুবই সামান্য। এই টাকা দিয়ে সংসার চালাবো নাকি আইনজীবীর খরচ দেবো? বুঝতে পারি না।’ বিচারক রেদোয়ানুলের আইনজীবী শাহীনুর ইসলামের কাছে বিষয়টি জানতে চান। আইনজীবী জানান, তার কাছ থেকে রিজনেবল ফি-ই নেওয়া হচ্ছে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ট্রাইব্যুনালকে বলেন, আসামির মূল চাওয়া ঘনঘন তারিখ পেছানো নয়, বরং মামলার বিচার দ্রুত শেষ হওয়া। উভয়পক্ষের বক্তব্য শুনে বিচারক রেদোয়ানুলের বক্তব্যকে হৃদয় স্পর্শকারী উল্লেখ করে আগামী ২ সেপ্টেম্বর অসমাপ্ত জেরার জন্য দিন ধার্য করেন।
এ মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকার সেনানিবাসের সাব-জেলে আছেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম। পলাতক রয়েছেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রামপুরায় ২৮ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ট্রাইবুনালে চারজনের বিরুদ্ধে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।






















