টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ইমু আক্তার (২২) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন তার ছয় মাস বয়সী শিশু সন্তান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সখীপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের বোয়ালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমু আক্তার উপজেলার রতনপুর পশ্চিমপাড়া গ্রামের পল্লী চিকিৎসক ইলিম উদ্দিনের মেয়ে এবং ভূঞাপুর উপজেলার উত্তর বাড়ৈ গ্রামের রাজনের স্ত্রী। তিনি সম্প্রতি শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়ি রতনপুরে বেড়াতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইমু তার বাবা ও শিশুসন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় সখীপুরের দিকে যাচ্ছিলেন। বোয়ালী বাজার এলাকায় পৌঁছালে তিনি চলন্ত সিএনজি থেকে মাথা বের করে থুতু ফেলতে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজি তার মাথায় সজোরে ধাক্কা দেয়, ফলে ইমু সড়কে ছিটকে পড়েন। পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো শনাক্তের চেষ্টা চলছে।






















