রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের উড়ালসড়ক থেকে একটি পিকআপ ভ্যান পড়ে গিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার সদস্য।
সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানবাহিনীর সদস্যরা ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে তাঁদের বহনকারী পিকআপ ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়।
নিহতদের মধ্যে রয়েছেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল। আহতদের মধ্যে কর্পোরাল সিফাত (আবু সাঈদ), কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন। সিনিয়র অফিসার আবুল খায়ের নামের আরেক কর্মকর্তা সামান্য আহত হন।
ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয় এবং আহত ও নিহতদের উদ্ধার করা হয়। আহত সদস্যদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।












