দুর্নীতি দমন কমিশন (দুদক) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, পদোন্নতি, বদলি ও পদায়নসংক্রান্ত তথ্য চেয়ে মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিটি গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. জাহিদ কালামের সই করা হয়।
দুদকের চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে যেসব নিয়োগ, পদোন্নতি, বদলি ও পদায়ন হয়েছে, সেগুলোর তথ্য ও সংশ্লিষ্ট নথি পাঠাতে হবে। এসব তথ্য আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে মোট পাঁচ ধরনের তথ্য ও নথি চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলিসংক্রান্ত তথ্য এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৪৬৬ ও ২৭৪ নম্বর স্মারকের ভিত্তিতে বদলিসংক্রান্ত নথির সত্যায়িত অনুলিপি এবং ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে চলতি দায়িত্ব দেওয়া ও পরে তা বাতিলের নথির সত্যায়িত অনুলিপিও চাওয়া হয়েছে।
দুদকের অনুসন্ধানে আসিফ মাহমুদসহ মোট ১৭ জনের নাম রয়েছে। তাদের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদও অন্তর্ভুক্ত আছেন।
























