দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ, তার স্ত্রী নিগার সুলতানা এবং শ্যালক শেখ আমিনুর রহমানের বিরুদ্ধে তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে। অভিযোগ রয়েছে, তারা ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
দুদকের অনুসন্ধান প্রতিবেদন অনুযায়ী, শেখ মামুন খালেদের নামে ১ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। তার স্ত্রী নিগার সুলতানার নামে ৫৮ লাখ ৭৪ হাজার ৮০৯ টাকার এবং শ্যালক শেখ আমিনুর রহমানের নামে ৫ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার ৮৫৫ টাকার অবৈধ সম্পদের সন্ধান মিলেছে।
দুদক সূত্রে জানা যায়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে অবৈধ শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে তার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব যাচাই করা হয় এবং তার আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য পাওয়া যায়নি।
নিগার সুলতানার আয়কর নথিতে মৎস্য চাষ থেকে যে আয় দেখানো হয়েছিল, তা গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়নি। একইভাবে, শেখ আমিনুর রহমানের আয়কর নথিতে মৎস্য চাষ থেকে দেখানো আয়ও 'ভিত্তিহীন' হিসেবে উল্লেখ করা হয়েছে।
দুদকের হিসাব অনুযায়ী, তিনজনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পৃথক তিনটি মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। মামলাগুলোতে দুদকের সহকারী পরিচালক পিয়াস পালকে বাদী হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।






















