সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
মামলাটি দায়ের করেছেন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর বাবা। মামলায় আসামি করা হয়েছে এমপি, তার স্ত্রী এবং বাদীর শ্যালক, যিনি গাড়ি চালক।
এর আগে রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার পর জামায়াত সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করতে শুরু করেন, তাদের দাবি, ব্যক্তিগত ভিডিও ফাঁসের কারণে মরিয়মের মৃত্যু ঘটেছে।
পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে এবং নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়ে যায়। নিহত মরিয়মের বাবা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে মামলার পরিপ্রেক্ষিতে এমপি ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
গাজী নজরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি বছরে তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের সঙ্গে ছিলেন। পরবর্তীতে ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে।






















