অজয় দেবগনের জুহুর বাংলোয় স্যালোঁ ও স্পা নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। স্থানীয় কো-অপারেটিভ হাউজিং সোসাইটির আপত্তির পর বিএমসি এই নির্দেশনা জারি করে।
বিএমসির কে-ওয়েস্ট ওয়ার্ড থেকে জারি করা নোটিশে বলা হয়েছে, বাংলোর যে অংশে স্যালোঁ ও স্পা তৈরির কাজ চলছিল, সেটির বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় নথি ও অনুমতিপত্র দেখাতে হবে। নির্ধারিত সময়ে কাগজপত্র উপস্থাপন না করায় কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় হাউজিং সোসাইটির সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, স্যালোঁ ও স্পা চালু হলে এলাকায় মানুষের যাতায়াত বাড়বে, যা পার্কিং, নিরাপত্তা ও শব্দদূষণের সমস্যা সৃষ্টি করতে পারে। জুহুর এলাকার সরু রাস্তাগুলোর কারণে অতিরিক্ত যানবাহনের চাপ নিয়ে তারা চিন্তিত।
স্থানীয় করপোরেটর সুধা সিং জানিয়েছেন, বিএমসির বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরিজ বিভাগের তত্ত্বাবধানে পুরো বিষয়টি রয়েছে। তিনি দাবি করেছেন, দেবগন পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করা হয়নি।
অন্যদিকে, দেবগন পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, স্যালোঁ ও স্পা তৈরির জন্য প্রয়োজনীয় অনুমতি যথাযথভাবে নেওয়া হয়েছে। বাংলোর ওই অংশে প্রতিষ্ঠান চালুর জন্য পাঁচ বছরের একটি চুক্তিও করা হয়েছিল, যার প্রথম বছরে মাসিক ভাড়া ছিল ১৬ লাখ রুপি।
বর্তমানে বিএমসির কাছে জমা দেওয়া নথি ও অনুমোদনের বৈধতার ওপর নির্ভর করছে স্যালোঁ ও স্পা চালুর ভবিষ্যৎ। কাজ বন্ধ থাকায় অজয় দেবগনের বাংলোর এই বাণিজ্যিক উদ্যোগ নতুন আইনি ও প্রশাসনিক জটিলতার মুখে পড়েছে।






















