রাজধানীর সরকারি তিতুমীর কলেজে এক সাংবাদিককে মারধর ও হেনস্তার ঘটনায় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।
এছাড়া, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাবেক আহ্বায়ক ইমাম হোসেনকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ফেস দ্য পিপলের ক্যাম্পাস প্রতিনিধি আব্দুর রহমান তালুকদার হামলার শিকার হন। এ সময় তার মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বনানী থানায় মামলার আবেদন করেন।






















