ঢাকা মেট্রোপলিটন আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগার-১–এ নেওয়ার পথে আসামি রাজা ওরফে পিচ্চি রাজা (৩০) পালিয়ে গেছেন। রোববার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, মামলার শুনানিসহ হাজিরা দেওয়ার জন্য প্রতিদিনই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের ঢাকায় আনা-নেওয়া করা হয়। রোববার সকালে ৩০ আসামিকে ঢাকা মেট্রোপলিটন আদালতে আনা হয়। আদালতের কাজ শেষে ফেরার পথে পিচ্চি রাজা শৌচকর্মের জন্য চিৎকার শুরু করেন।
এসআই তাকে শৌচকর্ম করানোর জন্য গাড়ি থেকে নামান। এ সময় তিনি কৌশলে দৌড়ে পালিয়ে যান। বাকি ২৯ জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, ‘একজন বন্দী পালিয়ে গেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি টয়লেটে চাপ দেওয়ার কথা বলে চিৎকার করছিলেন। পরে পালিয়ে যান। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১–এর জেলার জাহাঙ্গীর আলম জানান, রাজা ওরফে পিচ্চি রাজা বিস্ফোরক আইনের মামলায় বন্দী ছিলেন। চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।






















