নির্বাচন কমিশনের (ইসি) এক অফিস সহকারী মোছা. ফাতেমা খাতুনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থান করার অভিযোগে চাকরিচ্যুত হয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, ফাতেমা খাতুন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাচন কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন। বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়েছে।
তদন্তে জানা যায়, ফাতেমা খাতুন ২০২৪ সালের ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন। তিনি নতুন জন্মনিবন্ধন নম্বর ও পাসপোর্ট ব্যবহার করে এমিরেটস এয়ারলাইনসের ইকে৫৮৭ ফ্লাইটে দেশ ছাড়েন।
কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতির অভিযোগ ওঠার পর জেলা নির্বাচন কর্মকর্তা অনুসন্ধান করেন। তদন্তে দেখা যায়, তিনি শারীরিক অসুস্থতার কারণে ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১৯ মার্চ পর্যন্ত ছুটি নিয়েছিলেন, কিন্তু ছুটি শুরুর আগেই যুক্তরাষ্ট্র চলে যান।
অবশেষে, অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী ২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে এ দণ্ড কার্যকর হবে।























