চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে একদিনে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে যাদের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি, তাদের মুচলেখা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার সকল থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের উদ্দেশ্য ছিল কিশোর গ্যাং, উঠতি বয়সী কিশোরদের অপরাধ প্রবণতা এবং জনশৃঙ্খলা বিঘ্নিতকারী কর্মকাণ্ড প্রতিরোধ করা।
রোববারের অভিযানে আটক ৩৭০ জনের মধ্যে যাদের মাদকসংশ্লিষ্ট বা অন্যান্য অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ সুপার আরও জানান, যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট নয়, তাদের অভিভাবকদের ডেকে এনে সচেতন করা হয়েছে যাতে তারা সন্তানদের সার্বিক খোঁজখবর রাখেন এবং নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগী হন।
তিনি অভিভাবকদের কিশোর অপরাধ প্রতিরোধে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। চাঁদপুর জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।






















