ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে হত্যাচেষ্টা মামলায় চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এই রিমান্ডের আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত একই সঙ্গে আগারওয়ালকে মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোরও নির্দেশ দিয়েছে।
বিকেল সাড়ে তিনটার দিকে দিলীপকে আদালতে হাজির করা হয়। তার পক্ষের আইনজীবী আনোয়ার কবীর বাবুলসহ কয়েকজন রিমান্ড বাতিল এবং জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন ও হারুন অর রশিদ এর বিরোধিতা করেন।






















