মাদ্রাসাগুলোতে বলাৎকার ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আলেম সমাজের নীরবতা নিয়ে সমালোচনা করেছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি শুক্রবার (২৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে এ বিষয়ে তার মতামত প্রকাশ করেন।
পোস্টে আসিফ নজরুল উল্লেখ করেন, বাংলাদেশের আলেম সমাজে অনেক শ্রদ্ধেয় ব্যক্তি রয়েছেন, যাদের মানবিক কার্যক্রমে তিনি মুগ্ধ হয়েছেন। তবে, তিনি দাবি করেন, বৃহত্তর আলেম সমাজের মধ্যে কিছু ব্যক্তি শিশুদের বিরুদ্ধে ভয়াবহ অপরাধে লিপ্ত রয়েছেন। তিনি বলেন, এসব অপরাধে জড়িতদের সংখ্যা হয়তো কম, কিন্তু তা নগণ্য নয়।
তিনি অবাক হয়ে বলেন, আলেম সমাজের একটি বড় অংশ এসব অপরাধীর বিরুদ্ধে কখনো সোচ্চার হয় না। খাবার, পোশাক ও বিনোদন নিয়ে ফতোয়া দেওয়া হলেও, নিজেদের গোষ্ঠীর মধ্যে সংঘটিত অপরাধের বিরুদ্ধে কেন তারা মুখ খোলেন না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আসিফ নজরুল আরও বলেন, ইসলামবিরোধী ষড়যন্ত্রের মধ্যে আলেম সমাজের সম্মান বজায় রাখতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আলেম সমাজ অচিরেই এসব অপরাধের বিরুদ্ধে সোচ্চার হবে এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাবে।






















