জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর জোট থেকে বের হয়ে আসতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি আজ শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা জানান।
রাশেদ খান এনসিপিকে সাধুবাদ জানিয়ে লেখেন, জামায়াত থেকে বের হওয়ার প্রাথমিক সিদ্ধান্তের জন্য এনসিপিকে ধন্যবাদ। তিনি উল্লেখ করেন, এনসিপির কিছু সদস্য জানিয়েছেন যে, জামায়াত জোট থেকে বের হওয়ার বিষয়ে শিগগিরই ঘোষণা আসতে পারে। আজকের গণবিক্ষোভ কর্মসূচি ও আসিফ মাহমুদের বক্তব্যের পর বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, এনসিপির গণবিক্ষোভে কয়েক হাজার লোকের উপস্থিতি ইতিবাচক। জামায়াতের সঙ্গে জোট করার পর এনসিপির কর্মসূচিতে লোকসংখ্যা কম ছিল। তবে আজকের উপস্থিতি এনসিপির স্বতন্ত্র রাজনীতির জন্য আশাব্যঞ্জক বলে মনে করেন তিনি।
রাশেদ খান আরও জানান, এনসিপি যদি এভাবে স্বতন্ত্র রাজনীতি চালিয়ে যেতে পারে, তাহলে আগামী জাতীয় নির্বাচনে প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এনসিপির ৮ জন এমপি জামায়াতের ভোটে এমপি হতে জোটের রাজনীতি ধরে রাখতে আগ্রহী।
তিনি বলেন, এনসিপির অধিকাংশ সদস্য স্বতন্ত্র রাজনীতির পক্ষে। এখন দেখার বিষয়, প্রাথমিক সিদ্ধান্ত চূড়ান্ত হয় কিনা এবং এনসিপি জামায়াতের পকেট সংগঠন হিসেবে থেকে যায় কিনা।












