বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘৭ দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে। আর ৭ দফা মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না।’ তিনি শনিবার (৩১ অক্টোবর) রাতে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের কুষ্টিয়ামুখী লংমার্চ কর্মসূচির সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের দাবিগুলো কারোর ব্যক্তিগত বা দলের দাবি না, আমাদের দাবি জনগণের দাবি। আর একদফার ডাক আমরা জনগণের অধিকার রক্ষার স্বার্থে দিতে বাধ্য হব।’ তিনি কুষ্টিয়া থেকে ঢাকায় যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশ আপনার আমার সবার, তাই দেশকে রক্ষায় সবাইকে লড়তে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আপনাদেরকে কথা দিচ্ছি জনগণের অধিকার আদায়ের এই লড়াইয়ে যদি জীবনও যায়, তবুও অন্যায়ের কাছে মাথা নত করব না। ইনশাল্লাহ আমরা জনগণের এই দাবি আদায় করেই ঘরে ফিরব।’
শনিবার সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ কর্মসূচির সূচনা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে প্রায় দেড় হাজার যানবাহনের বহর নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন ১১ দলের নেতাকর্মীরা।
লংমার্চটি ঢাকা থেকে যাত্রা শুরু করে বিভিন্ন জেলা অতিক্রম করে কুষ্টিয়ায় পৌঁছায়। ১১ দলের পক্ষ থেকে জানানো হয়, দেশের ১৯টি জেলা থেকে প্রায় দেড় হাজার যানবাহন ও বিপুলসংখ্যক নেতাকর্মী এ লংমার্চে অংশ নেন। নেতারা বিভিন্ন স্থানে পথসভায় সাত দফা দাবি তুলে ধরেন।

























