আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলা ও গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদগারের ঘটনায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রব্বানী তীব্র নিন্দা জানিয়েছেন। শনিবার রাতে তিনি এক বিবৃতিতে এই মন্তব্য করেন।
বিবৃতিতে মাওলানা রব্বানী বলেন, সংবাদমাধ্যমের মূল কাজ হলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। তিনি উল্লেখ করেন, সংবাদ পরিবেশন করতে গিয়ে তা যেকোনো পক্ষের অনুকূলে বা বিরুদ্ধেও যেতে পারে। তবে, এর জন্য কোনো পত্রিকাকে হেয়প্রতিপন্ন করা বা উগ্র আচরণ করা দায়িত্বশীল ব্যক্তির পক্ষে সমীচীন নয়।
তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের আচরণকে সরকারের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করেন। মাওলানা রব্বানী বলেন, সংবাদ বা সম্পাদকীয় অবস্থান নিয়ে আপত্তি থাকলে আইনি প্রতিকার বা প্রতিবাদ জানানোর গণতান্ত্রিক পথ খোলা রয়েছে।
মাওলানা মুহিউদ্দীন রব্বানী আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট ব্যক্তি তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন এবং গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী হওয়ার প্রতিশ্রুতি দেবেন। তিনি সরকারের প্রতি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

























