রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে ‘অনিয়ম-দুর্নীতির’ অভিযোগে সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। বুধবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এই আদেশ দেন।
দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী জানিয়েছেন, আদালতের আদেশের পর রাশেদ খান মেননকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান গত ১ জুলাই রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ধার্য করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ২২ ডিসেম্বর রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে, তারা ‘অনিয়ম ও প্রতারণার’ মাধ্যমে পূর্বপরিচিত ১৩ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিধি অনুযায়ী নিয়োগ দেওয়ার ক্ষমতা না থাকা সত্ত্বেও অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করা হয়।
মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন স্কুলটির সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সাবেক সদস্যসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্স কর্নেল আলমগীর হোসেন এবং অন্যান্য সদস্যরা। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

























