খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে — খাগড়াছড়ির নয়নপুর এলাকায় শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। রাত সাড়ে তিনটার দিকে আবুল কাশেম নামের এক ব্যক্তি ঘুম থেকে উঠে চারপাশে আগুন দেখতে পান। তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।
ঘটনার পর রবিবার সকালে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত চারজনের মধ্যে তিনজনকে শনাক্ত করেছে। খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন মো. মুন্না, সাইফ এবং ওমর ফারুক। চতুর্থ ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে। পুলিশ দাবি করছে, হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বলেন, "গভীর রাতে হঠাৎ বিকট শব্দ পেয়ে বাইরে বেরিয়ে চারদিকে আগুন দেখতে পাই। আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভান, না হলে কী যে হয়ে যেত ভাবতেই শিউরে উঠছি।" তিনি জানান, এই ঘটনায় তিনি নিজে বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, "খবর পেয়ে ফায়ার সার্ভিস রওনা দিলেও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়। যথাসময়ে আগুন নিভানো না হলে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারতো।"
এদিকে, সাদিক কায়েম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজায় কেরোসিন ঢেলে পুরো বাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালায়। তিনি দাবি করেন, জুলাইপন্থী ছাত্র-জনতাকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে।
সাদিক কায়েমের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। তারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে বক্তারা অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
ঘটনার পর নয়নপুরসহ পুরো শহরে চাপা আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।






















