প্রাথমিকের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি জানান, ২০২৩ সালে প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের জন্য একটি সার্কুলার জারি করা হয়েছিল। ওই সার্কুলারের ভিত্তিতে ৮৪ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়।
এ বিষয়ে ১৫১ জন রিট পিটিশনার হাইকোর্ট ডিভিশনে মামলা করেছিলেন। তারা দাবি করেন, জুলাই বিপ্লবের পর সুপ্রিম কোর্টের একটি রায় অনুযায়ী, মেধার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত এবং মেধার হার ৯৩ শতাংশ হওয়া উচিত।
হাইকোর্ট ডিভিশন ওই নিয়োগটিকে অবৈধ ঘোষণা করে ১৫১ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। পরে সরকার ওই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করে। আপিল বিভাগের চূড়ান্ত রায়ে তিনটি অবজারভেশনসহ আপিলটি নিষ্পত্তি করা হয়।

























