নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় মা ও দুই শিশু সন্তানসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। রোববার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ডোমার-জলঢাকা মহাসড়কের মটকুপুরের নদীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন উপজেলার নাদিয়াপাড়া এলাকার ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রতিমা রানী (২৮) এবং তার দুই ছেলে পিতোষা (৮) ও যাদব (৪)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি ডোমার-জলঢাকা সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়।
ঘটনার পর স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রতিমার দুই শিশু সন্তান পিতোষা ও যাদব এবং ভ্যানচালক পরিমলসহ পাঁচজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক পিতোষা, যাদব ও পরিমলকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, বিকেল ৩টার পরে জরুরি বিভাগে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়। তাদের মধ্যে একজন নারীসহ আরও দুজন পুরুষ গুরুতর আহত অবস্থায় ছিলেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানটি উদ্ধার করা হলেও ট্রাকচালক ও তার সহযোগী পলাতক রয়েছে।
























