রাজধানীর হাজারীবাগ এলাকায় গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা জেলা শাখার নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে।
সকাল ৬টার দিকে অনুষ্ঠিত এ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদের দিক-নির্দেশনায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে সংক্ষিপ্ত সময়ের জন্য মিছিল করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অধিকাংশ অংশগ্রহণকারী দ্রুত সরে যান।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানায়, ঘটনাটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।























