ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরবেষ্টিত একটি উচ্চ নিরাপত্তার কারাগার নির্মাণের প্রস্তাব দিয়েছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলমান কুমিরকে ‘ব্যবস্থাপিত (ম্যানেজড) বন্যপ্রাণী’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছেন। এর ফলে ইসরাইল প্রিজন সার্ভিসসহ বিভিন্ন সরকারি সংস্থা নির্দিষ্ট শর্তে কুমির সংরক্ষণের অনুমতি পাবে।
এই পরিবর্তনের ফলে পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য একটি আইনি বাধা দূর হয়েছে। আগে কুমির সংরক্ষিত বন্যপ্রাণী হওয়ায় অনুমোদিত চিড়িয়াখানা ছাড়া অন্য কোথাও এগুলো রাখার সুযোগ ছিল না।
বেন-গভিরের পরিকল্পনা অনুযায়ী, কারাগারের চারপাশে কুমিরে ভরা জলপথ বা পরিখা থাকবে, যাতে বন্দিদের পালিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, কুমিরবেষ্টিত পরিখা কারাগারের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাপনার ব্যয়ও কমাতে সহায়ক হতে পারে।
বর্তমানে ইসরাইলের বিভিন্ন কারাগারে প্রায় ৯ হাজার ৫০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিও আছেন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, বন্দিদের অনাহারে রাখা, নির্যাতন করা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হচ্ছে।























