নোয়াখালীর বেগমগঞ্জে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ করতে গিয়ে ট্রাকের চাপায় আব্দুর রহমান সুমন নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার একলাশপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আব্দুর রশীদ খানের পুত্র এবং বেগমগঞ্জের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমন শ্বশুর বাড়ি থেকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে রওয়ানা দেন। যাত্রাপথে তার মোটরসাইকেলটি চৌমুহনী-ছমির মুন্সির হাট সড়কের রোহিতার পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করেছে এবং নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
























