খাগড়াছড়ির রামগড় থেকে শ্যালিকা অপহরণের পর ঢাকায় নিয়ে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সাকিবুল ইসলাম রাজু নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (২০ জুলাই) সকালে খাগড়াছড়ি আমলি আদালতে সোপর্দের পর বিচারক যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রোববার (১৯ জুলাই) রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, গত ২২ জুন সকাল ৭টা ৪৫ মিনিটের সময় রামগড়-বারৈয়ারহাট রাস্তা থেকে ১৩ বছর বয়সী ভুক্তভোগী কিশোরী অপহৃত হয়। মেয়েটি বাড়ি না ফেরায় তার মা রামগড় থানায় ডায়েরি করেন।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার ২৭ দিন পর রোববার অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কিশোরী জানায়, তার আপন ভগ্নিপতি সাকিবুল ইসলাম রাজু প্রেমের ফাঁদে ফেলে কৌশলে অপহরণ করে ঢাকার উত্তরায় নিয়ে যায় এবং সেখানে একাধিকবার ধর্ষণ করে।
রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, ঘটনার পর থেকে আসামি মোবাইলসহ ইন্টারনেট ভিত্তিক সব ডিভাইস বন্ধ রাখে। দীর্ঘ চেষ্টার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপহৃতকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।























