আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে পুলিশের ইউনিফর্ম পরে অংশ নেওয়ার অভিযোগে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৯ এপ্রিল ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র প্রত্যাশী মো. ওয়াহিদুজ্জামান ঢাকার ধানমন্ডিতে দলটির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। এ সময় অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশ নেন।
এ ঘটনায় শিষ্টাচারবহির্ভূত আচরণ, উপ-নির্বাচনে বেআইনিভাবে প্রভাব বিস্তারের কৌশল এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্ত বোর্ড অভিযোগগুলোর সত্যতা পেয়ে তাকে দ্বিতীয় দফা কারণ দর্শানোর নোটিশ দেয়, তবে তিনি কোনো জবাব দেননি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত প্রতিবেদন ও নথি পর্যালোচনা করে তাকে ‘বাধ্যতামূলক অবসর’ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে।
এর আগে, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট স্বেচ্ছায় অবসর চেয়ে আবেদন করেছিলেন মো. মনিরুজ্জামান। তিনি তার আবেদনপত্রে পুলিশের ভূমিকা ও সরকারের আদেশের সমালোচনা করেন এবং বলেন, ‘বাংলাদেশ পুলিশ বাহিনী গণশত্রুতে পরিণত হয়েছে।’























