চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সোমবার (২০ জুলাই) সাক্ষ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শী আইনজীবী শহিদুল আলম। তিনি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের আদালতে সাক্ষ্য প্রদানকালে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে শহিদুল আলমের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ২০ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। বাদীপক্ষের আইনজীবী মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, শহিদুল আলম ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দিয়েছেন।
সাক্ষ্য দেওয়ার সময় শহিদুল আলম বলেন, ঘটনার দিন আইনজীবীরা আদালত ভবনের বিপরীতে রঙ্গম সিনেমা হলসংলগ্ন এলাকা থেকে মিছিল নিয়ে ফিরছিলেন। এ সময় সাইফুল তাকে ডাক দেন এবং বলেন, ‘ভাইয়া, আমাকে নিয়ে যান, ওরা আমাকে মেরে ফেলবে।’ শহিদুল আলম জানান, এটি ছিল সাইফুলের শেষ কথা।
তিনি আরও বলেন, সাইফুলের ডাক শুনে পেছনে ফিরে দেখেন, নীল রঙের গেঞ্জি পরা, মাথায় হেলমেটধারী এবং হাতে কিরিচ থাকা এক যুবকের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন সশস্ত্র ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে জানা যায়, আসামি রিপন দাসসহ অন্যরা সাইফুল ইসলামকে হত্যা করেছেন।
আদালতে চিন্ময় কৃষ্ণ দাসকে ভিডিওকলে হাজির করা হয় এবং তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়। মামলায় এখন পর্যন্ত ২৭ জন আসামি গ্রেপ্তার রয়েছেন এবং ১২ জন পালিয়ে আছেন। গত বছরের ১ জুলাই এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়।

























