বাগেরহাটের শরণখোলায় একটি বেসরকারি হাসপাতালের টয়লেট থেকে নার্স হাসিনা খানম রিক্তার (৩৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে ‘রায়েন্দা গ্রামীন জেনারেল হাসপাতালের’ টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নার্সের স্বামী জসিম হাওলাদার জানান, হাসিনা দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতার মধ্যে ছিলেন এবং তিনি মাদকাসক্ত ছিলেন। পুলিশ জানায়, নার্সের মৃতদেহের পাশে মাদক জাতীয় ইনজেকশন ও সিরিঞ্জ পাওয়া গেছে।
হাসিনার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে মেডিকেল অফিসার ডা. অন্তরা দাস তাকে মৃত ঘোষণা করেন।
রায়েন্দা গ্রামীন জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলীম আল রেজা মুক্তি জানান, ভোর রাতে হাসিনা টয়লেটে যান এবং দীর্ঘ সময় সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে।
শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

























