বাগেরহাট জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের মৃত তোরাব আলীর একমাত্র সন্তান। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রী স্বর্ণা আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার স্বামী বাড়িতে আসেন এবং পরে বাজারে যান। তিনি স্বামীকে ফোন করে যোগাযোগ করতে চেষ্টা করেন, কিন্তু কোনো উত্তর পাননি। রাত ২টার পর তাকে জানানো হয় যে, তার স্বামী অসুস্থ অবস্থায় রয়েছেন। দ্রুত সেখানে পৌঁছে তিনি জানতে পারেন, তার স্বামী মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন শান্তর তিন কন্যা সন্তান রয়েছে। তার স্ত্রী স্বর্ণা আক্তার জানান, তিনি স্বামীর আগের সংসারের দুই কন্যাকেও নিজের সন্তানের মতো স্নেহে লালন-পালন করে আসছেন।
বাগেরহাট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন এ হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আইনজীবী, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।
























