কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল কবির টুটুল (৪৬) ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভেড়ামারা শহরের গোডাউন মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় টুটুলের মাথায় চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেওয়া হয়। তিনি গোডাউন মোড় থেকে ফিরছিলেন, তখন কয়েকটি মোটরসাইকেলে আসা সশস্ত্র ব্যক্তিরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় টুটুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং রাতেই তিনি ঢাকায় চলে যান।
আনোয়ারুল কবির টুটুল জানান, তিনি প্রতিদিনের মতো বাড়ি ফিরছিলেন। এসডি টাওয়ার এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ব্যক্তি তার ওপর হামলা চালায়।
উল্লেখ্য, টুটুল গত ২৯ জুন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংগঠনিক কার্যক্রম ও দলীয় সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি ভেড়ামারা উপজেলা জাসদের সদস্য এবং যুব জোটের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগের কয়েক সপ্তাহের মধ্যে এই হামলার ঘটনা ঘটল।
ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

























