ফরাসি ক্লাব মেৎজ ও নেদারল্যান্ডসের ফরচুনা সিতার্দের মধ্যে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন নারী রেফারি মাথিলদে দেমোঁসে। এ ঘটনায় তিনি কনকাশনে আক্রান্ত হন।
শনিবার ফ্রান্সের ফরবাখের শ্লসবের্গ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে দুই দল মুখোমুখি হয়। সংঘর্ষের সময় খেলোয়াড়দের ধাক্কায় দেমোঁসে মাটিতে পড়ে যান এবং এরপর আর দায়িত্ব পালন করতে পারেননি।
৩-১ গোলে হেরে যাওয়া ফরচুনা সিতার্দ তাদের ওয়েবসাইটে ঘটনাটিকে ‘ব্যতিক্রমী একটি মুহূর্ত’ বলে উল্লেখ করলেও এ বিষয়ে বিশেষ কোনো মন্তব্য করেনি। অন্যদিকে মেৎজ তাদের ওয়েবসাইটে ঘটনাটির কোনো উল্লেখ করেনি।
ঘটনাটি ঘটেছিল ম্যাচের ৪০তম মিনিটে, যখন জার্সি টানাটানিকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়রা মুখোমুখি হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর রেফারি দেমোঁসে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান, কিন্তু খেলোয়াড়দের ধাক্কাধাক্কির মধ্যে পড়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
দেমোঁসে কয়েক মিনিট মাঠে পড়ে ছিলেন এবং তার শারীরিক অবস্থা দেখতে সহকারী রেফারি, নিরাপত্তাকর্মী ও চিকিৎসাকর্মীরা দ্রুত মাঠে ছুটে আসেন। ২৬ বছর বয়সী দেমোঁসে খেলা আবার শুরু হলে সহকারী রেফারির দায়িত্বে ফিরেছিলেন, তবে বিরতির সময় তিনি মাঠ ছেড়ে যান।























