ঝালকাঠির নলছিটিতে রোগী নিয়ে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর থেকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে রোগীকে ঢাকায় নেওয়া হচ্ছিল। রায়াপুর এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তাঁর স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। আহত রোগী ফজলুল হক নিয়মিত চিকিৎসার জন্য ঢাকায় যাতায়াত করেন। দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে গেছে। বর্তমানে তাঁকে অন্য একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ জানিয়েছেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছেন। অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কাজ চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


























