দিল্লিতে এক সফটওয়্যার প্রকৌশলী স্ত্রীকে হত্যা করেছেন, যা ওয়েব সিরিজের একটি ঘটনার অনুকরণে ঘটেছে। অভিযুক্ত কমল সিং তার স্ত্রী কোমল সিংকে হত্যা করে স্ত্রীর জমানো টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যান।
শুক্রবার (৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ জুলাই এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত ও তার স্ত্রী বাড়িতে একা ছিলেন, তাদের সন্তানরা অন্যত্র ছিলেন। কোমল বারান্দায় কাপড় শুকাচ্ছিলেন, এ সময় কমল পেছন থেকে তার মাথায় আঘাত করেন।
প্রথম আঘাতটি প্রাণঘাতী না হওয়ায় কোমল রান্নাঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। কিন্তু কমল তাকে টেনে এনে কাঁচি দিয়ে আঘাত করেন। প্রতিবেশীরা চিৎকার শুনলেও কেউ হস্তক্ষেপ করেননি।
হত্যার পর কমল রক্তমাখা পোশাক ও অস্ত্র ব্যাগে ভরে গোসল করেন এবং পালিয়ে যান। তিনি স্ত্রীর ঘর থেকে ৫ লাখ রুপি এবং ব্যাংক থেকে ৭ লাখ রুপি তুলে নেন, মোট ১২ লাখ ৭৫ হাজার রুপি তার কাছে ছিল।
পুলিশ সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত নজরদারি ব্যবহার করে কমলকে খুঁজে বের করে। তিন দিন পর মথুরা রেলস্টেশনের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, কমল নেপালে পালানোর পরিকল্পনা করেছিলেন এবং তাদের মধ্যে সম্পত্তি-সংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।






















