গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক দম্পতি নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার শ্রীপুর উপজেলার ইজ্জতপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দম্পতির মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন আল আমিন (৩২) ও তার স্ত্রী রিনা আক্তার (৩০)। রিনার বাড়ি শ্রীপুরের বর্মি ইউনিয়নে, তার বাবার নাম সিদ্দিক মিয়া।
পুলিশ জানায়, শনিবার বিকেলে ইজ্জতপুর রেলস্টেশনের আউটার সিগন্যালে ট্রেনে কাটা পড়া এক যুবক ও যুবতীর ছিন্নভিন্ন মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।
রিনার স্বজনরা জানান, রিনা ও আল-আমিন চার বছর আগে পরিবারের অমতে ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেন। পরিবার তাদের বিয়ে মেনে না নেওয়ায় তারা শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। সম্প্রতি তারা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন, এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কলহ হতো। ধারণা করা হচ্ছে, এ কারণেই তারা আত্মহত্যা করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


























