কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৮ শতক জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের রায়গঞ্জ ব্রিজসংলগ্ন খামার কানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সহিদুল ইসলাম (৩০), তিনি আব্দুল শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে সালিশ ও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে বিষয়টির নিষ্পত্তির চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
নিহতের পরিবারের অভিযোগ, সোমবার দুপুরে শুক্কুর আলীসহ কয়েকজন বিরোধপূর্ণ জমিতে হালচাষ করতে গেলে সহিদুল ইসলাম ও তার স্বজনেরা বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির পর সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় সহিদুলকে মাছ ধরার সরঞ্জাম দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানিয়েছেন, মারামারি ও হত্যাকাণ্ডের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের কাছ থেকে এজাহার পাওয়ার পর আসামির সংখ্যা নির্ধারণ করা হবে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, আরও দুই-তিনজন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।






















