চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোবাইল ফোন চুরির সন্দেহে মায়ের সামনে মো. তারেক ঢালী (১৭) নামে এক কিশোরকে গাছে বেঁধে মারধর ও মাথায় গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তারেক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সফিক প্রধান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণপাড়া প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় পুলিশ অভিযানে সফিক প্রধানকে গ্রেপ্তার করে। স্থানীয় সূত্রে জানা যায়, তারেক ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং ছুটিতে বাড়িতে ছিলেন।
তারেকের মা খুকী বেগম অভিযোগ করেন, ঘটনার দিন ভোর ৫টার দিকে তার ছেলেকে ঘুম থেকে তুলে নিয়ে যায় স্থানীয় কয়েকজন। তিনি বলেন, “মোবাইল ফোন চুরির অভিযোগে আমার ছেলেকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং মাথায় গরম পানি ঢেলে দেওয়া হয়।”
স্থানীয়রা জানান, মারধরের সময় কেউ তারেককে বাঁচাতে এগিয়ে আসেনি। পরে কয়েকজন স্থানীয় ব্যক্তি তারেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খুকী বেগম এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক জানান, অভিযুক্ত সফিক প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।























