পটুয়াখালীর বাউফলে গভীর রাতে এক গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় আতিকুল ইসলাম নামে স্থানীয় এক যুব জামায়াত নেতাকে আটক করেছেন স্থানীয়রা। বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার পূর্ব ইন্দ্রকূল গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আতিকুল ইসলাম সূর্যমণি ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি এবং ওই গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী ওই দিন তার শ্বশুরবাড়িতে ছিলেন। গভীর রাতে আতিক ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। এ সময় গৃহবধূর শ্বশুর বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন।
চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আতিককে আটক করেন। পরে আতিকের স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে নিয়ে যান। গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদার বলেন, আতিক কিছুদিন আগে তার পুত্রবধূর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আতিকুল ইসলামের মোবাইলে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। সূর্যমণি ইউনিয়নের গ্রাম পুলিশ ইউসুফ হাওলাদার জানান, আতিক জামায়াতের সদস্য, তবে তার পদ সম্পর্কে তিনি নিশ্চিত নন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ যাওয়ার আগেই বিষয়টি দফারফা হয়েছে। এখন অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।






















