রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দীন আম্মারের ওপর হামলার অভিযোগে পাঁচ শিক্ষার্থীসহ অজ্ঞাত আরও আটজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলায় জোরপূর্বক অফিসে প্রবেশ, মারধর, হত্যার উদ্দেশ্যে আঘাত, ভাঙচুর ও ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।
গত ১০ আগস্ট রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মতিহার আমলী আদালতে বাদী হয়ে মামলাটি করেন সালাহউদ্দীন আম্মার। মামলায় নামীয় আসামিরা হলেন— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আনাস, সংস্কৃত বিভাগের মো. মাহমুদ হাসান মাহিন ও মামুন মিয়া, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মাহফুজুল ইসলাম নয়ন এবং ইসলামী স্টাডিজ বিভাগের আজহারুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৭ জুলাই দুপুর পৌনে ৩টার দিকে রাকসু ভবনের দ্বিতীয় তলায় হামলার ঘটনা ঘটে। ওই সময় সালাহউদ্দীন আম্মার দাপ্তরিক কাজ করছিলেন। আসামিরা লোহার রড, বাঁশ ও লাঠিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কার্যালয়ের সামনে জড়ো হন এবং জোরপূর্বক কার্যালয়ে প্রবেশ করেন।
অভিযোগ অনুযায়ী, কার্যালয়ে ঢুকে আসামিরা সালাহউদ্দীন আম্মারের সঙ্গে খারাপ আচরণ করেন এবং তাঁকে মারধর করেন। একই সঙ্গে কার্যালয়ের আসবাব ভাঙচুর করা হয়, যার ফলে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।
রাকসুর সহকারী সাধারণ সম্পাদক সালমান সাব্বির জানিয়েছেন, মামলাটি আদালত গ্রহণ করেছে এবং বর্তমানে এটি পিবিআইয়ের তদন্তাধীন। তবে সালাহউদ্দীন আম্মারের বক্তব্যে ভিন্ন সুর পাওয়া গেছে। তিনি বলেন, এটি একটি রাজনৈতিক গেম হতে পারে এবং তাঁর সম্পাদকদের ওপর হামলা হয়েছে বলে মনে করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।






















