নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা জাহিদ আল আমিন হত্যা মামলার প্রধান আসামি শেখ সিফাতকে আদালত প্রাঙ্গণে মারধর করেছেন নিহতের স্বজন ও ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা। রোববার (২৩ আগস্ট) দুপুরে আসামিদের নারায়ণগঞ্জ আদালতে হাজির করার সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আদালত শেখ সিফাতসহ ৭ আসামির ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। একই মামলায় গ্রেপ্তার চার নারী আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী এ আদেশ দেন।
গত বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় জাহিদ আল আমিনকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন নিহতের ছোট ভাই জোবাইদ আল আমিন ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করেন।
পুলিশ হেফাজতে থাকা আসামিকে মারধরের বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আবদুস সামাদ জানান, উত্তেজিত লোকজন শেখ সিফাতকে পিটিয়েছেন এবং পুলিশের ওপর হামলার চেষ্টা করেছেন। এ সময় আদালত প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
শুক্রবার দুপুরে শেখ সিফাতসহ অন্য আসামিদের নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছিল। সেখানে সাংবাদিকদের সামনে শেখ সিফাত 'পুষ্পা' সিনেমার একটি চরিত্রের অনুকরণে অঙ্গভঙ্গি করেন, যা উপস্থিত সাংবাদিকদের মধ্যে আলোচনা তৈরি করে।






















