রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এক নারীর সোনার কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেলে মো. সেলিম নামে এক ছিনতাইকারী। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টার পর ট্রাফিক পুলিশ তাকে আটক করে এবং বমি করিয়ে তার পেট থেকে দুলটি উদ্ধার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালনকালে এক নারীর চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছান।
নিয়াজ মেহেদী জানান, পুলিশ সদস্যরা সেলিমকে ধাওয়া করে আটক করেন। তবে প্রথমে তার কাছে ছিনতাই হওয়া দুলটি পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে সেলিম জানান যে, তিনি দুলটি গিলে ফেলেছেন।
পরে সেলিমকে বমি করানো হলে তার পেট থেকে স্বর্ণের কানের দুলটি বের হয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে সেলিম ও ভুক্তভোগী নারীকে যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে।


























