মাগুরায় কর্মরত এক পুলিশ সদস্যকে থাপ্পড় মারার অভিযোগে জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
শারীরিক লাঞ্ছনার শিকার পুলিশ সদস্য মো. ইমরান হোসেন মাগুরা জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের বিপরীত পাশে মাইক্রোস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, নাঈমুজ্জামান নয়ন কনস্টেবল ইমরান হোসেনের মোটরবাইক আটকে চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং উত্তেজিত অবস্থায় অন্যদের ডাকছেন। একপর্যায়ে তিনি ওই পুলিশ সদস্যকে থাপ্পড় মারেন ও গালিগালাজ করেন।
নয়নের বড় ভাই আব্বাস উদ্দিন দাবি করেছেন, পুলিশের সঙ্গে ভুলবোঝাবুঝির পর বিএনপি নেতাদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়েছিল। তবে পুলিশ শনিবার দুপুরে নয়নকে থানায় ডেকে নিয়ে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া নয়নের বিরুদ্ধে আগে থেকেই মাদক, অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, নয়নসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং প্রধান আসামি নয়নকে গ্রেপ্তার করা হয়েছে।























