চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক সিনিয়র নারী শিক্ষার্থীকে সাইবার হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রত্না খাতুন। তিনি বিভাগের ব্যাচ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযুক্তরা একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করেছেন, গত ২৯ আগস্ট ‘সিইউ ইনসাইডার’ নামের একটি ফেসবুক পেজে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে একটি ব্যঙ্গাত্মক পোস্ট প্রকাশিত হয়। ওই পোস্টটি জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে বিতর্কের সৃষ্টি করে। পরে রত্না খাতুন জুনিয়র শিক্ষার্থীদের সঙ্গে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। কিন্তু এরপর তাকে লক্ষ্য করে একাধিক আপত্তিকর বার্তা পাঠানো হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়েছে, কয়েকজন জুনিয়র শিক্ষার্থী রত্না খাতুনের বিরুদ্ধে একটি আলাদা মেসেঞ্জার গ্রুপ খুলে সেখানে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ভুক্তভোগী বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। প্রক্টর কার্যালয় থেকে অভিযুক্তদের ডেকে পাঠানো হলেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
রত্না খাতুন বলেন, “আমি প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।” অভিযুক্ত শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান মারুফ বলেন, “আমি গ্রুপে ছিলাম সত্য, তবে আমি কোনো ছবি বিকৃত করিনি।”
চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী তৌহিদ জানিয়েছেন, অভিযোগটি সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। বিষয়টি সমাধান না হলে সাইবার ট্রাইব্যুনালে আইনি পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

























