জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ার ফলে অটোরিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিন (৫৬) মারা যাওয়ার ঘটনায় প্রধান আসামি পনি ওরফে প্যারা পনিরসহ তিনজনকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
অন্য দুই আসামি হলেন প্যারা পনিরের সহযোগী সেড্রিক জুলিয়ান (২৪) এবং মোটরসাইকেলের মালিক মো. রাকিব হোসেন (২৪)। সোমবার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ রিমান্ডের এই নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্ত কর্মকর্তা আদালতে আসামিদের হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং অজ্ঞাতপরিচয় আসামিদের নাম-ঠিকানা সংগ্রহের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আসামিপক্ষে আইনজীবী আমির উদ্দিন আমিরসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল রোববার রাজধানীর পূর্ব তেজতুরি বাজার এলাকা থেকে র্যাব-২ এর একটি দল অভিযান চালিয়ে সন্দেহভাজন এই তিনজনকে গ্রেপ্তার করে। রনজিলা পারভিন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসকের জন্য ঢাকায় আসার পথে ছিনতাইয়ের শিকার হন রনজিলা পারভিন। অটোরিকশা থেকে পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং পরে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।














