চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় পুলিশ পরিচয়ে ঢুকে পাঁচ ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দেন এবং এক নারী ও তার দুই পুত্রবধূর ভিডিও ধারণ করে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ৫৫ বছর বয়সী ওই নারী পরদিন বুধবার হালিশহর থানায় মামলা করেন। মামলায় সাখাওয়াত হোসেন (৪০), মো. মাইনউদ্দিন (৪৬), মো. জাহিদ (৩০), মো. মোস্তাফিজ (৩৬) ও বাবুল (৩৬)কে আসামি করা হয়েছে। পুলিশ সাখাওয়াত হোসেন ও মো. মাইনউদ্দিনকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার অনুযায়ী, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারী ও তার দুই পুত্রবধূ বাসায় ছিলেন। এ সময় পাঁচ ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে বাসার বিভিন্ন কক্ষ তল্লাশি শুরু করেন।
সন্দেহ হলে ওই নারী তাদের পরিচয়পত্র দেখতে চান। তখন তারা নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন এবং দাবি করেন যে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে। এরপর তারা ভিডিও ধারণ শুরু করেন এবং এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ দুজনকে আটক করে এবং তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি ও মুঠোফোন জব্দ করে। হালিশহর থানার ওসি জয়নাল আবেদিন মণ্ডল জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

























