সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা, হামলা ও হয়রানি বন্ধের জন্য সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশে শিল্পী, আয়োজক ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
আইনজীবী সাদ্দাম হোসেন অভি বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর ডাকযোগে নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়েছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড নাগরিকের আইনের আশ্রয়, জীবন ও ব্যক্তিস্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং চিন্তা, বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্বপূর্ণ অংশ।
সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জে একটি কনসার্ট বাতিল, সিলেটের বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি এবং শিল্পী অনুপম রায়ের কনসার্ট স্থগিত হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে।
নোটিশে নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে আইনসম্মত নিয়ন্ত্রণ আরোপের কথা বলা হলেও, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাপের কারণে সাংস্কৃতিক আয়োজন বন্ধ না করার দাবি জানানো হয়েছে।
নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।

























