চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে, এবং এখনো নিখোঁজ রয়েছে দুই হাজার ৩৮ জন, যা মোট নিখোঁজ শিশুর প্রায় ১৩ শতাংশ।
পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে জানান, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ হওয়ার খবর প্রকাশিত হয়। তবে উদ্ধার হওয়া শিশুদের তথ্য উল্লেখ না থাকায় নিখোঁজের প্রকৃত চিত্র সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়নি।
যাচাইয়ে দেখা গেছে, জানুয়ারি থেকে জুলাই ২০২৬ পর্যন্ত শূন্য থেকে নয় বছর বয়সী শিশুদের নিখোঁজের ঘটনায় ৪৭৪টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে, যার মধ্যে ৪০৬ জনকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের ক্ষেত্রে ১৫ হাজার ২৪৩টি জিডি হয়েছে, এবং ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শূন্য থেকে নয় বছর বয়সী শিশুরা সাধারণত পরিবারের সদস্যদের সঙ্গে অপরিচিত স্থানে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়। ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের নিখোঁজ হওয়ার পেছনে অভিমান, পড়ালেখার চাপ এবং পারিবারিক কলহের মতো বিভিন্ন কারণ রয়েছে।
বর্তমানে পুলিশি সেবা সহজীকরণের জন্য অনলাইন জিডি সুবিধা চালু রয়েছে, যার ফলে সাধারণ ডায়েরির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৩ সালে নিখোঁজ সংক্রান্ত জিডি হয়েছিল ১৭ হাজার ৮০৮টি, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪টি এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০টি জিডি হয়েছে।

























