অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পেনশন ও ভাতাদিসংক্রান্ত বকেয়া বিলের ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা আত্মসাতের অভিযোগে অডিট অধিদপ্তরের কর্মকর্তা ইশরাত জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আইবাস প্লাস প্ল্যাটফর্মের মাধ্যমে ইশরাত জাহান ২৬ জন পেনশনারের ৩৪৬টি বকেয়া পেনশন বিল বাবদ উল্লেখিত টাকা বিধিবহির্ভূতভাবে পরিশোধ করেছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটি জানায়, ইশরাত জাহান তার নিজস্ব আইবাস প্লাস ইউজার আইডি ব্যবহার করে এই অর্থ আত্মসাতের কার্যক্রম সম্পন্ন করেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতা (Subsistence Grant) প্রাপ্য হবেন।
ইশরাত জাহান বর্তমানে চিফ কন্ট্রোলার ডিফেন্স ফাইন্যান্সের আর্মি জেসিও অ্যান্ড ওআর কার্যালয়ে উপসহকারী ফাইন্যান্স কন্ট্রোলার (ডিএএফসি) পদে কর্মরত। এর আগে তিনি প্রতিরক্ষা অর্থ বিভাগে একই পদে দায়িত্ব পালন করেছেন।






















