নরসিংদীতে মো. নয়ন মোল্লা নামে এক সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে কোটি টাকার নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ স্ত্রীকে পালিয়ে নেওয়ার অভিযোগ তুলে বিচার দাবি করেছে কুয়েত প্রবাসী লুৎফর রহমানের পরিবার। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী পৌর পার্কের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
অভিযুক্ত নয়ন মোল্লা নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আইনবিষয়ক সহ-সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। সম্প্রতি নানা অপকর্মের অভিযোগে গত ২৫ আগস্ট তাকে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
জানা গেছে, আদালতে একটি মামলার সূত্রে লুৎফর রহমান ও তার স্ত্রী হাফসা বেগমের সঙ্গে পরিচয় হয় নয়ন মোল্লার। অভিযোগ রয়েছে, পরিচয়ের সূত্র ধরে বিভিন্ন অজুহাতে প্রবাসীর পাঠানো টাকা হাতিয়ে নিতে শুরু করেন তিনি। গত ৩ আগস্ট হাফসা বেগম স্বামীর পাঠানো ১ কোটি ১০ লাখ টাকা এবং ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে নয়ন মোল্লার সঙ্গে পালিয়ে যান।
মানববন্ধনে লুৎফর রহমানের ছোট বোন শাহিদা আক্তার বলেন, তারা বিএনপি পরিবারের সন্তান এবং আন্দোলনের কারণে তাদের ভাইকে জেলও খাটতে হয়েছে। তিনি বলেন, ‘আমরা নিরাপত্তা চাই। যদি নিরাপত্তা না পাই এবং নয়ন মোল্লার বিচার না হয়, তবে আমাদের পরিবার আত্মহত্যার হুমকি দিয়েছে।’
নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূইয়া বলেন, ‘অ্যাডভোকেট নয়নের বিরুদ্ধে লিখিত অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল-মামুন জানান, প্রবাসী তার স্ত্রী-সন্তান নিখোঁজ হওয়ার বিষয়ে একটি জিডি করেছেন এবং তদন্ত চলছে।






















